আন্তর্জাতিক

মোজতবা খামেনি হয়তো জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করা উচিত: ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, খামেনি আদৌ জীবিত আছেন কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি। এ কারণে তার জীবিত থাকা নিয়েও প্রশ্ন উঠছে।

ট্রাম্পের ভাষ্য, ‘আমি জানি না তিনি সত্যিই জীবিত আছেন কি না। এখন পর্যন্ত কেউ তাকে সামনে আনতে পারেনি।’ তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার মোজতবা খামেনির নামে একটি বিবৃতি প্রকাশ করা হলেও তা ভিডিও বক্তব্যের পরিবর্তে লিখিত আকারে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ‘আমি শুনছি তিনি হয়তো বেঁচে নেই। আর যদি তিনি জীবিত থাকেন, তাহলে তার দেশের জন্য আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ হবে।’ 

তবে তিনি জানান খামেনির মৃত্যুর খবর এখনো নিশ্চিত নয় এবং তা মূলত গুজব হিসেবেই শোনা যাচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান আলোচনায় আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্র এখনই কোনো সমঝোতায় যেতে প্রস্তুত নয়। সম্ভাব্য চুক্তির শর্তগুলো এখনও ওয়াশিংটনের কাছে সন্তোষজনক নয়।

তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে কোনো সমঝোতা হলে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে।

এ সময় ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে কোন দেশগুলো এ সহযোগিতায় যুক্ত হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে বড় ধরনের ক্ষতি করেছে এবং প্রয়োজনে সেখানে আবার হামলা চালানো হতে পারে।

জ্বালানি তেল প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং সাময়িক অস্থিরতা থাকলেও পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন