সংবিধান অনুযায়ীই সংসদ অধিবেশন, ‘সংস্কার পরিষদ’ নামে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান অনুসারেই রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন এবং বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ বৈঠক নয়। তাই বর্তমান পরিস্থিতিতে সংসদ সদস্যরা সাংবিধানিক কাঠামোর মধ্যেই সংসদ অধিবেশনে অংশ নিচ্ছেন।
তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদের আওতায় প্রস্তাবিত পরিষদের সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। ফলে বিষয়টি এখন বিচারাধীন।
সালাহউদ্দিন আহমদের বলেন, সংবিধানে এমন কোনো পরিষদের উল্লেখ নেই। যদি গণভোটের ভিত্তিতে এ ধরনের কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে প্রথমে সংবিধানে সংশোধন আনতে হবে। সংসদে আলোচনা ও অনুমোদনের মাধ্যমে সংশোধনী পাস হলে তবেই তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও সদস্যদের শপথের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের দলীয় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তারা এখনো দলের প্রাথমিক সদস্যপদ বহাল রেখেছেন এবং দল ত্যাগ করেননি। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান এখানে প্রযোজ্য নয়। এই অনুচ্ছেদ কার্যকর হয় তখনই, যখন কেউ দল থেকে বের হয়ে যায়।
উল্লেখ্য, গেল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমএ//