রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

গেল সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সময়ে জ্বালানি খাতেও সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন নাহিদ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দেশের সামগ্রিক পরিস্থিতিতে মানুষ অসহায় বোধ করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে আছে এবং থাকবে। 

তিনি বলেন, গণবিরোধী ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া জনগণের অধিকার আদায় সম্ভব নয়।

নাহিদ ইসলাম বলেন, সরকারের সার্বিক ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে নিতে হবে। গত সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। সংবিধানে কাটাছেঁড়া করে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী কায়দায় জনগণের অধিকার স্থায়ীভাবে হরণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দিন আহমেদের দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জ্বালানিমন্ত্রীকে কথা বলতেও দেওয়া হয় না, তিনিও এখন কথা বলেন না। গেল সাত মাসে জ্বালানি খাতে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি। 

এ অবস্থায় জ্বালানিমন্ত্রীরও দায়িত্বে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন