মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, আগামী ২০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুর ফিতর।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, এ বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসাবে শাওয়াল মাসের প্রথম দিন পড়তে পারে ২০ মার্চ।
তিনি জানান, রমজানের ২৯তম দিনে আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে অধিকাংশ আরব দেশে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পরই ঈদ উদযাপিত হবে।
একই ধরনের পূর্বাভাস দিয়েছে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র। তাদের হিসাবেও হিজরি ১৪৪৭ সনের রমজান ৩০ দিন পূর্ণ হয়ে ২০ মার্চ শাওয়াল মাস শুরু হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যায় বলা হয়েছে, ১৮ মার্চ সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এরপর ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে।
তারা আরও জানান, ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন থাকবে যে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা কঠিন হতে পারে।
যদিও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে, তা সাধারণ পর্যবেক্ষণে দৃশ্যমান হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে এসব হিসাব অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
এমএ//