ইসরাইলি হামলায় ইরানের বাসিজ ফোর্সের প্রধান নিহত
ইরানের প্যারামিলিটারি বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তিনি প্রাণ হারিয়েছেন।
এর আগে ইসরাইল দাবি করেছিল, তাদের সামরিক অভিযানে সোলাইমানি নিহত হয়েছেন। তবে সে সময় ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। পরে আইআরজিসি জানায়, তিনি সত্যিই নিহত হয়েছেন।
বিবৃতিতে এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার কথাও জানিয়েছে আইআরজিসি।
বাসিজ ফোর্স ইরানের গুরুত্বপূর্ণ একটি প্যারামিলিটারি ইউনিট, যা আইআরজিসির অধীনে পরিচালিত হয় এবং অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//