ঈদযাত্রায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাইক্রোবাসচালক রিন্টু (৪৭), শিউলী বেগম (৪৮) ও তায়েবা খাতুন (৩৫)। আহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি কয়েকজন শিশুও রয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসটি ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে শেরপুর হাইওয়ে পুলিশ।
এমএ//