দেশজুড়ে

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ

সৌদি আরবসহ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফকে কেন্দ্র করে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। একই দিনে সকাল সাড়ে ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন পীরজাদা আরিফুল্লা চৌধুরী।

দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়, ১৯২৮ সাল থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সময়ের ব্যবধানে রোজা ও ঈদ পালন করে আসছেন। শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এ প্রথা অনুসরণ করা হচ্ছে।

মুসল্লিদের একাংশ জানান, চাঁদ দেখার বিষয়ে সন্দেহ থাকলে তারা তা গ্রহণ করেন না। তাই রমজান মাস ৩০ দিন পূর্ণ করে আজ জুমাবার ঈদ উদযাপন করা হয়েছে।

এদিন হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

তবে এ বছর ব্যতিক্রমও দেখা গেছে। হাজীগঞ্জের সাদ্রা গ্রামে অল্পসংখ্যক মুসল্লি নিয়ে আগের দিন বৃহস্পতিবারও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা অংশ নেন।

উল্লেখ্য, সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯২৮ সালে এই প্রথার সূচনা করেন। তার অনুসারীরা এখনও দেশের বিভিন্ন স্থানে এই ধারাবাহিকতা বজায় রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন