জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এই বিষয়ে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। বর্তমান সরকার এই সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২১ মার্চ) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

গ্লোবাল সামিট অন ফ্রড-এর প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ফ্রড বা প্রতারণা বর্তমানে শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বৈশ্বিক পর্যায়ে গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে এই ধরনের অপরাধ আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে।

তিনি বলেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন। এই প্রেক্ষাপটে জাতিসংঘের তত্ত্বাবধানে গ্লোবাল সামিট অন ফ্রড আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশ একত্রিত হয়ে এ বিষয়ে সম্মিলিত কৌশল প্রণয়নের উদ্যোগ নেয়।

নামাজ শেষে মন্ত্রী এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং উপজেলা মাঠ পরিদর্শন করে মাঠটি সংস্কারের জন্য দ্রুত নির্দেশ দেন তিনি। এরপর মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন