ঈদ বকশিস দেয়ার কথা বলে যুবককে ডেকে নিয়ে হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ‘ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সোহেল রানা (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত সোহেল রানা কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ‘ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি।আজ সকালে স্থানীয়রা একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আই/এ