আরও একটি ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
ইরানের আকাশসীমায় অভিযান চালাতে এসে আরও একটি ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এমটাই দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। বাহিনীটি জানায়, মধ্য ইরানের আকাশে এটি ছিল তৃতীয় ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা।
শনিবার (২১ মার্চ) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে হামলায় অংশ নেওয়া ওই যুদ্ধবিমানকে লক্ষ্য করে আঘাত হানা হয়। তাদের দাবি, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি প্রতিহত করা সম্ভব হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আধুনিক যুদ্ধবিমানসহ ২০০টির বেশি শত্রুপক্ষের আকাশযানকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে আকাশপথে হুমকি শনাক্ত ও মোকাবিলায় নিজেদের সক্ষমতা আরও জোরালোভাবে তুলে ধরেছে আইআরজিসি।
ইরানের মতে, এই ঘটনা তাদের সামরিক প্রস্তুতি ও আকাশসীমা রক্ষার সক্ষমতারই আরেকটি উদাহরণ।
অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনীও স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধবিমান ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতের মুখে পড়ে। তাদের দাবি, বিমানটি তেহরানের আশপাশে হামলার মিশনে ছিল এবং এ ঘটনায় পাইলটরা প্রাণে বেঁচে গেছেন।
এমএ//