পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সতর্কতা
জ্বালানি সংকটের আশঙ্কা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। এমন পরিস্থিতিতে সারাদেশের পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, বর্তমানে পেট্রোল পাম্পগুলোর অবস্থা সংকটাপন্ন। তেল বিপণনকারী কোম্পানিগুলো থেকে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে সাধারণ গ্রাহকদের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না।
বিশেষ করে মোটরসাইকেল চালক ও জরুরি সেবার যানবাহনের ব্যবহারকারীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে পাম্পগুলোতে বাড়ছে চাপ এবং অস্থিরতা।
সংগঠনটি জানায়, সরবরাহ ঘাটতির কারণে পাম্পের কর্মীরা তীব্র চাপের মুখে পড়েছেন। অনেক ক্ষেত্রে তেল না পেয়ে গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজনার ঘটনাও ঘটছে। নজেলম্যানদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।
এই অবস্থায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে, পাম্প মালিকরা যে কোনো সময় অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
এমএ//