জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ডাইয়াগজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে। নিহত সালমা বেগম (৬০) ওই এলাকার আব্দুল গনি মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী জানান, জমি নিয়ে চাচাতো ভাই আব্দুল মান্নানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে সেই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নান, তার ছেলে আব্দুস সালাম, ভাতিজা জোবায়ের ও আক্তার তাকে মারধর করেন।
এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে সালমা বেগমকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//