পারমাণবিক স্থাপনার কাছে হামলা ‘চরম ঝুঁকিপূর্ণ’: রাশিয়ার সতর্কবার্তা
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলাকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এ বিষয়ে তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার (২৩ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পেসকভ সতর্ক করে বলেছেন, পারমাণবিক স্থাপনার কাছে হামলা গুরুতর ঝুঁকি তৈরি করে এবং এর পরিণতি হতে পারে অপূরণীয়।
তিনি বলেন, রাশিয়ার অবস্থান স্পষ্ট। পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত।
পেসকভ আরও উল্লেখ করেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের সমাধান সামরিক নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক পথে খোঁজা উচিত। তার মতে, উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি প্রশমনে সংলাপই সবচেয়ে কার্যকর উপায়।
এর আগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, বুশেহর বিদ্যুৎকেন্দ্রের একটি ভবনের কাছে, সক্রিয় ইউনিটের নিকটবর্তী এলাকায় হামলার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এমএ//