ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪
নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—ছোটবাতকয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), মনির হোসেন (২৭) ও বাবলু হোসেন (৩৫)। আহতদের মধ্যে ইজিবাইক চালকসহ আরও কয়েকজন রয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।
ওসি মজিবর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এমএ//