আইসক্রিমের প্রলোভন দেখিয়ে শিশুকে হত্যা, বাগান থেকে মরদেহ উদ্ধার
খুলনায় নিখোঁজের পর চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত গভীরে নগরের হরিণটানা এলাকার একটি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল মাওয়া লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহজালালের মেয়ে। পরিবারের অভিযোগ, পরিচিত এক আত্মীয় আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে যায়।
শিশুটির বাবা জানান, ঈদের পরদিন বিকেলে মায়ের ফুফাতো ভাই তোতা মিয়া তাদের বাসায় আসেন। পরদিন দুপুরে তিনি মাওয়াকে সঙ্গে নিয়ে বের হন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও শিশুটি না ফেরায় পরিবারের উদ্বেগ বাড়ে। যোগাযোগের চেষ্টা করলে প্রথমে তিনি বলেন, মাওয়া আইসক্রিম খাচ্ছে, পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে শিশুটির বাবার মোবাইলে কয়েকটি ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে টাকা আদায়ের কথা বলা হয় এবং পরে শিশুটির মরদেহ একটি স্থানে ফেলে রাখার কথাও জানানো হয়।
পরে পুলিশ ও স্বজনরা হরিণটানা এলাকার খেজুরবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তার গলায় দড়ি বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার জানায়, অভিযুক্ত তোতা মিয়ার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে। তিনি আগে জাহাজে কাজ করতেন এবং অতীতে বিভিন্ন অপরাধে কারাভোগও করেছেন।
এমএ//