হাদি হত্যা মামলার দুই আসামিকে নেয়া হলো দিল্লি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
সোমবার (২৩ মার্চ) এনআইএ বিধাননগর মহকুমা আদালতে ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে হেফাজতে নেয়ার আবেদন করে। শুনানির সময় দুই অভিযুক্তকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। বিচারক এনআইএ-র আবেদন মঞ্জুর করে তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন।
জানা গেছে, গতকাল রাতেই দমদম সেন্ট্রাল জেল থেকে ফয়সাল ও আলমগীরকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। এরপর রাতের ফ্লাইটে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়।
হেফাজতে নেয়া দুই অভিযুক্তকে আজ দিল্লিতে এনআইএ আদালতে হাজিরের কথা রয়েছে। এরপর তাদের নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ফয়সাল ও আলমগীরকে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার আর এক বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে হেফাজতে নেয়ার আবেদন করেনি এনআইএ।
আই/এ