জ্বালানি সহযোগিতায় ভারত থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত থেকে জ্বালানি সহযোগিতা বিষয়ে সে দেশ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। তবে, তিনি এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি।
হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হাদি হত্যার আসামিকে দেশে ফিরিয়ে আনা এবং যথাযথ সাজা দেওয়াটা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কার্যক্রম চলছে। গ্রেপ্তার দুই আসামির তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিলে তাঁরা ভারতের সঙ্গে আলোচনা করে প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবে। মন্ত্রণালয় আশা করছে শিগগিরই কন্স্যুলার এক্সেস পাওয়া যাবে। সরকারের যোগাযোগ ও সমন্বয় অব্যাহত আছে।
মার্কিন চুক্তি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, “প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাবো। বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে। পার্লামেন্টের বাইরে হবে আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে।”
তিনি আরও বলেন, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বর্তমান সরকার জোরালোভাবে কাজ চালিয়ে যাবে। একাত্তরের গণহত্যার স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে এবং সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
আই/এ