অর্থনীতি

১১ জুন সংসদে উপস্থাপন হবে নতুন অর্থবছরের বাজেট

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এদিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট বক্তব্য তুলে ধরবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সাধারণত জুনের প্রথম সপ্তাহেই বাজেট পেশ করা হয়। কিন্তু এবার ওই সময় কোরবানির ঈদের ছুটি থাকায় সূচিতে পরিবর্তন এনে দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস, অর্থাৎ বৃহস্পতিবারকে বাজেট উপস্থাপনের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এখনও বাজেটের সম্ভাব্য আকার সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন অংশীজনের মতামত সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

এই মতামতগুলো বিবেচনায় নিয়ে বাজেটের আকার চূড়ান্ত করা হবে এবং নির্ধারিত সময়েই তা সংসদে উপস্থাপন করা হবে।

এর আগে গত বছরের ২ জুন সংসদ অধিবেশন না থাকায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ২০২৫–২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন