ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয়ের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা বন্ধ এবং এসব যন্ত্র কেনার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে আয়োজিত জাতীয় ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা রাখা হবে না। পাশাপাশি চিকিৎসার যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।
ক্যানসার প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার। স্বাস্থ্যখাতকে আরও কার্যকর করতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
গত ১৭ বছরের শাসনামলে স্বাস্থ্যখাত অনেক পিছিয়ে গেছে বলে মন্তব্য করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালনে গাফিলতি করলে সংশ্লিষ্ট কারও চাকরি থাকবে না।
এসি//