আন্তর্জাতিক

গোপনে আলোচনায় আগ্রহী ইরান: ট্রাম্প

ইরান গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী হলেও প্রকাশ্যে তা স্বীকার করতে ভয় পাচ্ছে—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ মার্চ) ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের ভাষ্য, ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তবে অভ্যন্তরীণ চাপের কারণে তারা বিষয়টি প্রকাশ করছে না।

একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতিও ভীত তেহরান।

তিনি আরও বলেন, ইরানের নেতৃত্ব নিতে আগ্রহী কেউ নেই এবং এমনকি তাকে দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাবও দেয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।

চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ নয়, বরং ‘সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘ক্যানসার’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, সেটি নির্মূল করতেই এই সামরিক পদক্ষেপ নেয়া হয়েছে এবং তা প্রায় শেষ পর্যায়ে।

সাম্প্রতিক এক হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইরান প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও যুক্তরাষ্ট্র সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এতে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মার্কিন তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২৯০ জন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন