দেশজুড়ে

ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে নীতি দত্ত চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নীতি দত্ত  ইউপিডিএফের (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই নীতি দত্ত চাকমার মৃত্যু হয়েছে। তার পেটে গুলির আঘাত ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা  প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, মেলা কেন্দ্রিক অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন