দেশজুড়ে

পাবনায় হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি ২৫

পাবনায় হঠাৎ করেই হামে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

সোমবার (৩০ মার্চ) পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৫-২০ দিন ধরে জেলায় হামের প্রকোপ বেড়েছে। এখন পর্যন্ত মোট ১১৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত শিশুদের অধিকাংশের অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং এখন পর্যন্ত জেলায় এই রোগে কোনো শিশু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

সংক্রমণ যাতে অন্য সাধারণ রোগীদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ শিশু  ওয়ার্ডের ভেতরে কাঁচঘেরা  একটি পৃথক কক্ষে আক্রান্ত শিশুদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি  হওয়ায় অভিভাবকদের বাইরে থেকে ওষুধ সংগ্রহ করতে হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা মূলত শিশুদের হয়, তবে বড়দেরও হতে পারে। সরকারি নির্দেশনা অনুযায়ী শিশুদের ৯ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন