এমপিরাও তেল পাচ্ছেন না পাম্পে, সংসদে ক্ষোভ
বিভিন্ন পাম্প ঘুরেও নিজেদের গাড়ির জন্য তেল না পাওয়ার অভিযোগ করেছেন দুই এমপি। এ নিয়ে চলমান সংসদে ক্ষোভ ঝেড়েছেন তাঁরা।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘ আজকে যদিও জ্বালানি তেল নিয়ে কথা উঠেছে যে, দেশে কোনো সংকট নেই। তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজে আজকে পাম্পে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়’।
এ সময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেন, তার নির্বাচনী এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে ঠিকই বেশি দামে তেল বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন। এতে করে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।
এ সময় জ্বালানি তেলের এই কৃত্রিম সংকট বা সরবরাহ ঘাটতি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্যরা।
আই/এ