অর্থনীতি

দেশের বাজারে আবারও লাফিয়ে বাড়লো স্বর্ণের দাম

স্বর্ণের বাজারে আবারও দামের উর্ধ্বগতি দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), ফলে সাধারণ ক্রেতাদের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে জানায়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে—
২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা,
২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা,
১৮ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ২১৩ টাকা,
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ২৮ মার্চও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। তখন অন্যান্য ক্যাটাগরির দামও আলাদাভাবে সমন্বয় করা হয়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। ২০২৫ সাল জুড়েও স্বর্ণের দামে ঘন ঘন পরিবর্তন দেখা গেছে—মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

এদিকে শুধু স্বর্ণ নয়, রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট: ৫ হাজার ৭১৫ টাকা,
২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা,
১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা,
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৭ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার পরিবর্তনের মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার কমেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন