দেশজুড়ে

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাঁদা না দেওয়ায় কিশোরগঞ্জে এক যুবদল নেতাকে নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায়, আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুলকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার কিশোরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রধান অভিযুক্ত করে ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবদলের নেতার বাবা মো. হাদিস মিয়া।

আহত বাবুলের অভিযোগ, বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদের নির্দেশে তার অনুসারীরা তাকে রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে। এতে তার একটি হাত ও একটি পা ভেঙে যায়। 

তিনি বলেছেন, সম্প্রতি তার দোকান থেকে ৬ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি থানায় অভিযোগ করেন। এ কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে। 

অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেছেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ শাহ আলম। তিনি বলেছেন, বাবুলকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। 

অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে শহীদুল ইসলাম শহীদ। তিনি বলেছেন, তার সঙ্গে বাবুলের কোনো বিরোধ নেই। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেছেন, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন