দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সড়কের উপর এ দুর্ঘটনা ঘটেছে। কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কোনাবাড়ী উড়াল সড়কে উত্তরবঙ্গমুখী একটি মালবাহী ট্রাক থেমে ছিল। এসময় যাত্রী নিয়ে তাকওয়া পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহত অবস্থায় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে গেলেও ভেতরে দুইজন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দুর্ঘটনাকবলিত দুটো গাড়ি জব্দ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ