ইরানি জনগণকে ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরাইল
ইরানের জনগণের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে দেশটির নাগরিকদের আগামী ১২ ঘণ্টা ট্রেনে ভ্রমণ না করতে এবং রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ইরানের স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও রেলপথের আশপাশে চলাচল থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ট্রেন বা রেললাইনের কাছাকাছি অবস্থান করা জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে।
এই বার্তাটি আইডিএফের ফার্সি ভাষার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।
এদিকে এই সতর্কবার্তার সময়েই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে ইরানের বেসামরিক অবকাঠামো—যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র—ধ্বংসের লক্ষ্যবস্তু হতে পারে।
তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্র: সিএনএন ও বিবিসি
এসি//