আন্তর্জাতিক

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানায়।

বুধবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়েছিল।

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করছে। তবে হামলার লক্ষ্যবস্তু বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটিতে শোনা বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলা ঠেকানোর সময় সৃষ্টি হয়েছে।

এদিকে হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার দাবির মধ্যে কুয়েতের ঘটনাটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়েছে। 

ইরানি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমদ নাফিসি জানান, এসব হামলায় দ্বীপটির আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো স্থাপনার ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সহায়তা সংস্থাগুলোকে সতর্ক রাখা হয়েছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন