মধ্যপ্রাচ্যে ৯৫% মার্কিন অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের গণমাধ্যমের
মধ্যপ্রাচ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে চলমান সংঘাত শেষে সব পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দীর্ঘ এই সামরিক উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে বলে জানা গেছে।
এই প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করেছে, সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা প্রায় ৯৫ শতাংশ মার্কিন সামরিক অবকাঠামো—যার মধ্যে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোনসহ অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত—আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই সময়ে ইসরায়েল-এও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরান ও তার মিত্রদের অবস্থান এই সংঘাতে তুলনামূলকভাবে সুবিধাজনক ছিল।
ঘটনার সূচনা হিসেবে ২৮ ফেব্রুয়ারি “এপিক ফিউরি” নামে একটি অভিযানের মাধ্যমে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।
সবশেষে গত রাতে ১০ দফা শর্ত মেনে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে, যার মধ্য দিয়ে এই সংঘাতের একটি পর্যায়ের অবসান ঘটেছে।
এসি//