যুদ্ধ বিরতিতে হতাশ রেজা পাহলভি
রাতভর উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
বুধবার (০৮ এপ্রিল) এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা স্বস্তি ফিরলেও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি।
রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ ঘটেছে—এমন দাবিকে প্রত্যাখ্যান করেন।
ফরাসি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাস্তবে কোনো পরিবর্তন হয়নি; একই শাসকগোষ্ঠী এখনো ক্ষমতায় রয়েছে, শুধু কিছুটা দুর্বল হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই রাজনৈতিক ব্যক্তিত্ব আরও মন্তব্য করেন, বর্তমান শাসনব্যবস্থাকে একটি আহত প্রাণীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, শেষ পর্যন্ত এটিকে সম্পূর্ণভাবে অপসারণ করাই প্রয়োজন।
উল্লেখ্য, তার বাবা মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হন, যার মাধ্যমে ইরানে বর্তমান শাসনব্যবস্থার সূচনা ঘটে।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও লেবানন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ইসরাইল।
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে সামরিক অভিযান চলবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নীতিগতভাবে সমর্থন করা হলেও লেবাননকে এই চুক্তির আওতায় আনা হয়নি।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রধান লক্ষ্য হলো ইরানকে এমন অবস্থায় নিয়ে যাওয়া, যাতে তারা আর কোনোভাবে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে হুমকি সৃষ্টি করতে না পারে।
সূত্র: আল জাজিরা
এসি//