অর্থনীতি

বাজারে সয়াবিন তেলের সংকট, সোনালি মুরগির দামে রেকর্ড

রাজধানীর বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ৫ লিটারের বোতল অনেক দোকানেই পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলাররা তেল সরবরাহ কমিয়ে দিয়েছেন, ফলে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে। যেখানে নির্ধারিত দাম লিটারপ্রতি ১৭৬ টাকা, সেখানে তা ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। পাম তেলও ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্ধারিত দামের চেয়ে বেশি।

ব্যবসায়ীরা জানান, অনেক কোম্পানি সরাসরি তেল দিচ্ছে না, আবার কোথাও অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে বেশি দামে পাইকারি বাজার থেকে তেল এনে বিক্রি করছেন তারা।

এদিকে বৃষ্টির কারণে সবজির বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। অধিকাংশ সবজি এখন ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে আলু তুলনামূলক কম দামে ২৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ ৮০–১০০ টাকা এবং পেঁয়াজ ৩০–৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে সোনালি মুরগির দাম এখনও চড়া অবস্থায় রয়েছে। প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।

খামারিদের মতে, বার্ড ফ্লুসহ বিভিন্ন রোগে মুরগির মৃত্যু বাড়ায় সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে দামে। ফলে চাহিদাও কমে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এছাড়া ডিমের দামও বেড়েছে। ফার্মের ডিম ডজনপ্রতি ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা কিছু এলাকায় ১৩০ টাকাও ছাড়িয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন