খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের বন্দুকের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার দয়ারবাজার-সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। আজ (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ আরও দুই সহযোগীকে নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার সুপারি বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের চোর সন্দেহে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।
আই/এ