সিরাজগঞ্জে আরও ১৭ শিশু হামে আক্রান্ত
সিরাজগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৭ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ১০০ জন আক্রান্তের মধ্যে ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৩০ জন শিশু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মার্চের শেষ সপ্তাহ থেকে জেলায় হামের রোগী শনাক্তকরণ শুরু হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে তা শতাধিক ছাড়িয়েছে। আক্রান্তদের অধিকাংশই টিকা না পাওয়া বা টিকা নেওয়ার আগের বয়সী শিশু।
পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চালু করা হয়েছে পৃথক আইসোলেশন ব্যবস্থা, যাতে আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া যায়।
চিকিৎসকরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আই/এ