আস্থা নেই ওয়াশিংটনের ওপর তবু আলোচনায় বসছে ইরান: আরাঘচি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন কূটনৈতিক আলোচনার বিষয়ে নিজেদের কঠোর ও অনমনীয় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতি গভীর অবিশ্বাস ও অনাস্থা নিয়েই তেহরান এই আলোচনায় অংশ নিচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন।
আরাঘচির বক্তব্যে ইঙ্গিত দেয়া হয়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা না থাকলেও কূটনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ অব্যাহত রাখবে ইরান।
ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন অতীতে বারবার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’র পরিচয় দিয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের এই নেতিবাচক আচরণের কারণেই তেহরান এবার চরম সতর্কতা ও সংশয় নিয়ে আলোচনার টেবিলে বসছে।
আব্বাস আরাঘচি আরও জোর দিয়ে বলেন, ইরানি জনগণের স্বার্থ ও অধিকার আদায়ের লক্ষ্যে তার দেশ পূর্ণ কর্তৃত্ব ও শক্তি নিয়ে লড়াই করবে। কোনো ধরনের চাপের মুখে ইরান তাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করবে না বলেও তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে সাফ জানিয়ে দেন।
বিশ্লেষকদের মতে, পরমাণু চুক্তি এবং অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দীর্ঘদিনের টানাপোড়েনই আরাগচির সাম্প্রতিক মন্তব্যে প্রতিফলিত হয়েছে।
তাদের মূল্যায়ন অনুযায়ী, অতীতের তিক্ত অভিজ্ঞতাকে বিবেচনায় রেখে এবার আলোচনার টেবিলে ইরান আরও কঠোর ও অনমনীয় অবস্থান নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
এসি//