দেশজুড়ে

মোবাইলে একাধিক 'বিয়ে’, প্রবাসী যুবকের বিরুদ্ধে মানববন্ধন

ছবি: কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মোবাইল ফোনে বিয়ে ও একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই যুবকের বিচারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের নামে প্রতারণা এবং একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু পারিবারিক নয়, সামাজিক মূল্যবোধের ওপরও আঘাত হানছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

এলাকাবাসী জানায়, বড়লই গ্রামের মৃত আবেদ আলী দর্জির দ্বিতীয় ছেলে বাবু মিয়া দীর্ঘদিন ধরে দুবাইয়ে অবস্থান করছেন।

অভিযোগ রয়েছে, প্রবাসে থাকাকালীন তিনি একই গ্রামের জয়নাল দর্জির মেয়ে জিম খাতুনকে মোবাইল ফোনে বিয়ে করেন। জিম খাতুন স্থানীয় একটি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিয়েটি কোনো কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি। বরং ভিডিও কলের মাধ্যমে বরের পরিবারের উপস্থিতিতে সম্পন্ন করা হয়। বিয়ের পর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এবং দেশে ফিরে সংসার শুরু করার আশ্বাস দেওয়া হয়েছিল।

একই ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগও উঠেছে। এলাকাবাসীর দাবি, বাবু মিয়া পার্শ্ববর্তী নওদাবশ গ্রামের সিরাজুল হকের মেয়ে শিরীনা খাতুনের সঙ্গেও একইভাবে মোবাইল ফোনে বিয়ে করেছেন। তিনিও একজন শিক্ষার্থী।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বড়লই ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন