পাম্পে তেল কিনতে গিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হত্যাচেষ্টাসহ ৩ মামলার আসামী রবিউল ইসলাম রনি। রবিউল ইসলাম রনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা পাম্পে তেল নিতে আসলে তাকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশ। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হীল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে চলতি বছরের ১৩ জানুয়ারি বিকেলে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনকে রবিউল ইসলাম রনিসহ ৪-৫জন মিলে পথরোধ করে হামলা করে এবং হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে। পরে আমজাদকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আমজাদ হোসেনের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে রবিউল ইসলাম রনি, খাইরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে জানুয়ারি নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।
এছাড়াও গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম রনির বিরুদ্ধে একই থানায় সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ এবং রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে হত্যা চেষ্টা মামলা রয়েছে।
ওসি আব্দুল্লা হীল জামান বলেন, বাদী মোক্তার হোসনের করা মামলায় রবিউল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চেয়ারম্যানকে হত্যাচেষ্টাসহ আরও দুটি মামলা রয়েছে।
আই/এ