আজ থেকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু
দেশব্যাপী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হচ্ছে। প্রথম দিনের পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এর আগে, ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় পরিচালনা কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।
অন্যদিকে, পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা আয়োজন করা হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা নিয়ে সেখানে বৃত্তি পরীক্ষা শেষ হবে।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এসি//