আন্তর্জাতিক

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত ১৪

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেড পরিচালিত বিদ্যুৎকেন্দ্রে বয়লার টিউব বিস্ফোরণের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে জেলা পুলিশ সুপার পিকে ঠাকুর নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রের বয়লার ইউনিটে এ দুর্ঘটনা ঘটে। আমাদের সাব-কন্ট্রাক্টর এনজিএসএলের কর্মীরা এই ইউনিটে দায়িত্বরত ছিলেন। আমাদের এখন প্রথম কাজ হলো ক্ষতিগ্রস্তদের জন্য সর্বোচ্চ সহায়তা এবং চিকিৎসা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমরা আহতদের পূর্ণ সহযোগিতা করছি এবং মেডিকেল টিম ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত শুরু করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

তিনি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক’ বলে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এই দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু ও আহত হওয়ার খবর অত্যন্ত যন্ত্রণাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা... জেলা প্রশাসন ঘটনাস্থলে রয়েছে এবং দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, এই দুর্ঘটনায় যাকে দোষী পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন