মিলিটারি মিউজিয়ামে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের থ্রিডি আর্ট গ্যালারিতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে লোকজ ঐতিহ্য ও আধুনিক শিল্পের মেলবন্ধন দেখা যায়।
অনুষ্ঠানে পুতুলনাচ, বায়োস্কোপ, লোকগান ও নৃত্য পরিবেশনার পাশাপাশি তুলে ধরা হয় বাংলার হারিয়ে যেতে বসা নানা ঐতিহ্য। দর্শনার্থীদের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।
এতে অংশ নেন প্রখ্যাত চিত্রশিল্পী মিন্টু দে-সহ বিভিন্ন অঙ্গনের শিল্পী ও অতিথিরা। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও।
আয়োজক আর্টপিক্স লিমিটেডের প্রধান নির্বাহী সোহানুর রহমান জানান, নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। একইসঙ্গে ভবিষ্যতেও শিল্প-সাহিত্যকেন্দ্রিক উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুজানা মোস্তফা বলেন, বাংলা নববর্ষ কেবল উৎসব নয়, এটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই আয়োজনকে আরও সৃজনশীল ও আন্তর্জাতিকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আর্ট ক্যাম্প, যেখানে দেশের একাধিক তরুণ শিল্পী অংশ নেন। অংশগ্রহণকারী শিল্পী শুভ্র তালুকদার জানান, তাদের কাজের মাধ্যমে বৈশাখের আনন্দ ও আবেগকে ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
সন্ধ্যার দিকে এই আয়োজনের সমাপ্তি হলেও উৎসবের আমেজ দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে থাকে দীর্ঘ সময়।
এমএ//