অবসকিওর সঙ্গীতপ্রেমীদের প্রাণের সঙ্গে মিশে আছে: সৈয়দ আশিক রহমান
অবসকিওর, বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতে অন্যতম একটি ব্যান্ড। জনপ্রিয় এই ব্যান্ড সঙ্গীতপ্রেমীদের প্রাণের সঙ্গে মিশে আছে। ব্যান্ডটির ভিনাইল রেকর্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্কোয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সৈয়দ আশিক রহমান বলেন, ৮০ কিংবা ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ছিল তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্যান্ড অবসকিওর। শুরুটা ৮০-৯০ দশকে হলেও এখনকার প্রজন্মের কাছেও ব্যাপক জনপ্রিয় এই ব্যান্ড। আজ চৈত্র সংক্রান্তি। আগামীকালের পহেলা বৈশাখ। বাংলার এই দুই সংস্কুতির মিশেলে সকাল থেকেই সবাই সুন্দর সুন্দর বৈশাখী আমেজের পোষাক পড়েছেন। মানুষের উচ্ছাস দেখে মনে হচ্ছে আজই বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। উৎসবের এই আমেজে নিজেও আনন্দ উপভোগ করছেন। সেই আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে অবসকিওরের ভিনাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
তিনি আরো বলেন, আরটিভি সবসময় সংগীতের সঙ্গে আছে, থাকতে চায়। নতুন কিছু করতে চায়। সবাই যেন একসঙ্গে সামনে এগোতে পারে সে ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থায় কেউ কিছু করে দেবে না। নিজেদেরকেই জায়গাটা তৈরি করে নিতে হবে।
এসময় আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, ডিফরেন্ট টাচের ব্যান্ডলিডার মেজবাহ রহমান, পেন্টাগনের ব্যান্ডলিডার আলী সুমন এবং অবসকিওরের কণ্ঠশিল্পী ও দলনেতা সাঈদ হাসান টিপুসহ ব্যান্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।