দেশজুড়ে

অস্ত্রের মুখে অপহৃত সেই মাদ্রাসাছাত্রী উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে অপহৃত হওয়া সেই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার মূল অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে। গত ১৪ এপ্রিল সকালে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার এমসি বাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।  শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার আবিদ (২১) নামে এক যুবক দীর্ঘ দিন ধরে ১৬ বছর বয়সি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। আবিদ ওই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত। গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে সে ও তার সহযোগীরা প্রথমে ওই ছাত্রীকে অপহরণ করে। ওই দিন তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।

ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম জানান, মেয়েকে প্রথমে উদ্ধার করার পর ওই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক বসে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং মেয়েকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে

তিনি বলেন, এ অপহরণের মূল হোতা ছাত্রদল নেতা পাপ্পু ও সুহান। মামলায় তাদের নাম দেওয়া হয়নি। পরবর্তী সময়ে তাদের নাম দেওয়া হবে।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সজল বলেন, বিষয়টি সমঝোতার জন্য তাঁরা সালিশি বৈঠকে বসেছিলেনবৈঠকে হট্টগোল লেগে গেল এবং মেয়েটিকে আবার অপহরণ করা হয়। বিষয়টি খুবই দুঃখজনক।

ওসি (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘শনিবার সকালে উপজেলার এমসি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন