গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (০৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই দুপুর ২টা ৪৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে কারখানাটির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৬৯ জনকে নিরাপদে ভবন থেকে নামিয়ে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর ভবনে আবারও তল্লাশি চালানো হবে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমএ//