রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় রাস্তায় পড়ে থাকা পল্লি বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা ফজলুর রহমান মৃধার ছেলে মোঃ আসাদউজ্জামান। তিনি চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে গলাচিপা উপজেলা রতনদী তালতলি ইউনিয়নে - বন্যাতলী সড়কের বউ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সেকেন্ড অফিসার মোহাম্মদ আব্দুল জলিল রেজা জানান, সকালে তাঁরা মোটরসাইকেলে গলাচিপা থেকে চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথিমধ্যে বৌ-বাজার এলাকায় সড়কের ওপর বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আসাদের বুকে লাগলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) মো. তোফায়েল জানান, সকাল ৭টা ৩২ মিনিটে খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। বর্তমানে লাইন মেরামতের কাজ চলছে। সার্ভিস তার নারিকেল এর ডাল পড়ে ছিড়ে গিয়েছিল বলে তিনি জানান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি করা হয়েছে।
আই/এ