৬০ দিনে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের কথা জানালো প্রধানমন্ত্রীর কার্যালয়
দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মাথায় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। জনগণের ভাগ্য পরিবর্তনে প্রতিটি সেক্টরে ১৮০ দিনের একটি মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (১৮ এপ্রিল) বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস মেয়াদ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনে প্রতিটি সেক্টরে ১৮০ দিনের একটি মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এর মধ্যে নারীর ক্ষমতায়নে ৩৭ হাজার পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং ১০টি জেলায় ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেয়ার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, দেশের সরকারি অফিসগুলোতে শূন্য থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ পূরণের জন্য ৬ মাস থেকে ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ‘ভর্তি ফি’ বাতিল এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি প্রদানের ঘোষণাও এসেছে।
তিনি আরও বলেন,খরচ কমাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে নিজের বাসভবনে থাকছেন এবং নিজের ব্যক্তিগত গাড়ি ও তেল ব্যবহার করছেন।
মন্ত্রী ও এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেন সরকারের এ মুখপাত্র।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির স্থাপন করেছে। এর মধ্যে মানবাধিকার ও গুম প্রতিরোধ সংক্রান্ত ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে দ্রুত বিল আকারে পাসের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, গত ১৮ বছরের মধ্যে এবারই প্রথম ঈদের আগে সব শিল্পকারখানার শ্রমিকের বেতন ও বোনাস নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, ই-নামজারি বাধ্যতামূলক করা এবং নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হয়েছে।
উপদেষ্টা মাহদী আমিন আরও জানান, সম্প্রতি বিশ্ববিখ্যাত সাময়িকী ‘টাইম’-এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থান পাওয়া তার দূরদর্শী নেতৃত্বের বৈশ্বিক স্বীকৃতি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
আই/এ