বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত আব্দুল্লাহ আল মামুনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার ঢেকুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুন অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে বিএনপি নেতা আশরাফুল ইসলামসহ কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত মামুন।
তবে কাজীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) আবু সাঈদ জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, বিষয়টি দুঃখ জনক। তারা এক সময় এক সাথে মিলে মিশে থাকতো। বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি।
এমএ//