ট্রাম্পের বিরুদ্ধে হুতিদের নতুন হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি না থামলে এবার বাব আল–মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি নিয়ে নেয়া অবস্থানের পর হুতিদের এই হুমকি নতুন করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়েছে।
আল জাজিরা-এর লাইভ প্রতিবেদনে জানানো হয়, সানায় অবস্থিত হুতি প্রশাসনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে এই বার্তা দেন।
তিনি বলেন, যদি ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় বাধা দেয়া অব্যাহত রাখেন, তাহলে ইয়েমেনের উপকূলীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল–মান্দেব প্রণালি বন্ধ করে দেয়ার পদক্ষেপ নিতে পারে বিদ্রোহীরা।
এক্সে এক বিবৃতিতে হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে মানবজাতি ও জিন—কেউই তা পুনরায় খুলতে সক্ষম হবে না।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের উচিত দ্রুত এমন সব নীতি ও কর্মকাণ্ড বন্ধ করা, যা শান্তি প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। প্রণালিটির সরু অংশ মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত, যেখানে জাহাজ চলাচল দুটি আলাদা চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়।
বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এ রুটের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে ভূমধ্যসাগরে তেল সরবরাহ এবং এশিয়াগামী বিভিন্ন পণ্য পরিবহনের বড় অংশ এই পথ দিয়ে হয়ে থাকে।
এসি//