ওভাল অফিস থেকে বাইবেল পাঠ করবেন ট্রাম্প
যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে পোপ চতুর্দশ লিও-এর সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে জানা গেছে, তিনি এ সপ্তাহে হোয়াইট হাউস-এর ওভাল অফিস থেকে আয়োজিত একটি বাইবেল পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে সরকারি কার্যক্রমে বিশেষ করে খ্রিস্টধর্মকেন্দ্রিক ধর্মীয় বিষয়গুলো আরও অন্তর্ভুক্ত করছে।
আয়োজকদের দেয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (ইস্টার্ন টাইম) ভিডিও বার্তার মাধ্যমে ট্রাম্প বাইবেলের একটি অংশ পাঠ করবেন। এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘আমেরিকা রিডস দ্য বাইবেল’।
আয়োজকদের মতে, ট্রাম্প যে অংশটি পাঠ করবেন তা বাইবেলের ২ ক্রনিকলস ৭:১১-২২ থেকে নেয়া, যেখানে ১৪ নম্বর আয়াতটি বহুল আলোচিত—'আমার নাম ধারণকারী জনগণ যদি বিনম্র হয়, প্রার্থনা করে, আমার দর্শন খোঁজে এবং তারা খারাপ পথ থেকে ফিরে আসে, তাহলে আমি স্বর্গ থেকে শুনবো; তাদের পাপ ক্ষমা করবো।'
ক্যাথলিক চার্চের নতুন নেতা হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম বছরে তুলনামূলকভাবে নীরব থাকলেও, পোপ লিও সম্প্রতি আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব সমালোচকে পরিণত হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে চালানো আগ্রাসন থেকে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে তিনি বিশ্বনেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন।
ক্যামেরুনে দেয়া এক বক্তব্যে পোপ লিও বলেন, বিশ্ব এখন মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে পড়ছে। তিনি যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি উল্লেখ করে বলেন, মানবিক উন্নয়ন, শিক্ষা ও পুনর্গঠনের পরিবর্তে বিপুল সম্পদ ব্যয় করা হচ্ছে ধ্বংসযজ্ঞ ও অস্ত্রায়নে।
তার এই মন্তব্য এমন এক সময়ে আসে, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে একাধিক পোস্ট দেন এবং সমালোচনা করেন।
পোপ আরও বলেন, যুদ্ধের পক্ষে ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। তিনি সতর্ক করে বলেন, যারা ধর্মীয় ভাষা ব্যবহার করে সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থকে বৈধতা দিতে চায়, তারা পবিত্রতাকে অপবিত্র করছে।
তিনি বলেন, এটি এক উল্টে যাওয়া বিশ্ব, যেখানে ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে—যা প্রত্যেক বিবেকবান মানুষের জন্য অগ্রহণযোগ্য।
ইরান পরিস্থিতি নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করে ট্রাম্প বলেন, 'আমরা এমন পোপ পছন্দ করি না যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে এমন কথা বলেন।'
জবাবে পোপ বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে 'ভয়' পান না। পাল্টাপালটি এমন মন্তব্যর পর পরিস্থিতি অনেকটা জটিল হয়ে ওঠে।
এর পাশাপাশি, ট্রাম্প সম্প্রতি নিজেকে যিশুর মতো দেখানো একটি এআই তৈরি ছবি পোস্ট করে পরে তা সরিয়ে নেয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন। বিষয়টি নিয়ে তিনি বলেন, ছবিটি আসলে তাকে একজন চিকিৎসক হিসেবে দেখানোর কথা ছিল, যিনি মানুষকে 'সুস্থ' করছেন।
এসি//