'ইরানি জাহাজ জব্দ ‘অবৈধ ও বর্বর’, জাতিসংঘে তেহরানের অভিযোগ'
মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ইরানি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনাকে ‘অবৈধ ও বর্বর’ আখ্যা দিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে ইরান।
মঙ্গলবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানি বাণিজ্যিক জাহাজ ‘টৌসকা’ জব্দের ঘটনায় তেহরান জাতিসংঘের মহাসচিব এবং আইএমও’র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই ঘটনা আন্তর্জাতিক আইন এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তারা এটিকে গুরুতর উসকানি হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামিক রিপাবলিক অব ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ‘অবৈধ ও অপরাধমূলক পদক্ষেপের’ ‘গুরুতর ও বিপজ্জনক পরিণতি’ হতে পারে।
ইরান জোর দিয়ে বলেছে, জাহাজটির নাবিক, ক্রু এবং সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, জব্দের সময় ক্রু ও তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে।
এমএ//