‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষ
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এক দফা উত্তেজনার পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় ক্যাম্পাস এলাকায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ ক্লাস ও নির্ধারিত অভ্যন্তরীণ পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, কলেজ ভবনের একটি দেয়ালে থাকা একটি গ্রাফিতি ঘিরেই এই উত্তেজনার সূত্রপাত। সেখানে আগে লেখা ছিল—‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। সোমবার (২০ এপ্রিল) রাতে শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন গিয়ে ওই লেখার ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে তার স্থানে ওপরের অংশে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেয়। এ ঘটনা ঘিরে ক্যাম্পাসে বিতণ্ডা সৃষ্টি হয়, যার জেরে মঙ্গলবার সকালে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়।
সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, গ্রাফিতি সংশোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।
তবে বিকেল ৪টার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সংঘর্ষে কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এসি//