জাতীয়

তরুণের তৈরি রেসিং কারে মুগ্ধ প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে সৌজন্য সাক্ষাতে এসে নিজের তৈরি যানটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন নির্মাতা রিজওয়ান রশিদ।

প্রধানমন্ত্রী আগ্রহভরে গো-কার্টটি পর্যবেক্ষণ করেন এবং একপর্যায়ে নিজেই সেটি চালিয়ে দেখেন। পরে তিনি তরুণ নির্মাতার উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনের উন্নয়নে সহায়তার আশ্বাসও দেন তিনি।

রিজওয়ান রশিদ বলেন, তার তৈরি গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন—এটি তিনি কল্পনাও করেননি। এ অভিজ্ঞতা তাকে আরও অনুপ্রাণিত করেছে।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে গো-কার্টটি চালিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।

রিজওয়ান জানান, তার বাবা একজন ডিপ্লোমা প্রকৌশলী এবং শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার অনুপ্রেরণায় ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়ে তিনি গো-কার্ট তৈরির কাজ শুরু করেন। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কেনার সুযোগ থাকলেও আগ্রহের কারণে তিনি নিজেই গাড়িটি তৈরি করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উদ্ভাবন ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এ বিষয়ে খোঁজ-খবর নেয়ার দায়িত্ব দেয়া হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন